রোহিঙ্গাদের দেশীয় অস্ত্র সরবরাহের অভিযোগ: এনজিও ‘মুক্তি’র ছয় প্রকল্প স্থগিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

কক্সবাজার প্রতিনিধি |

মুক্তি কক্সবাজাররোহিঙ্গাদের দেশীয় অস্ত্র সরবরাহের অভিযোগে কক্সবাজারের এনজিও ‘মুক্তি’র ছয়টি প্রকল্প স্থগিত করতে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে এনজিও ব্যুরো। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে চিঠিটি জেলা প্রশাসকের হাতে পৌঁছে। এতে বলা হয়েছে, সম্প্রতি ‘মুক্তি’ রোহিঙ্গাদের জন্য ছয় শতাধিক দেশীয় অস্ত্র সরবরাহের বিষয়টি উঠে আসে। সুষ্ঠু তদন্ত করার জন্য তাদের ছয়টি প্রকল্প আপাতত স্থগিত করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, ‘‘সম্প্রতি রোহিঙ্গাদের সরবরাহের জন্য তৈরি করা ছয় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে প্রশাসন। ‘মুক্তি কক্সবাজার’ এনজিও ব্যুরোকে অবগত না করে গোপনে ওইসব অস্ত্র তৈরি করে তা রোহিঙ্গাদের মাঝে সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল। এতে কোনও খারাপ উদ্দেশ্য ছিল। তাই ‘মুক্তি কক্সবাজার’র ছয়টি প্রকল্পের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তদন্ত চলছে। তদন্ত না হওয়া পর্যন্ত মুক্তির ছয়টি প্রকল্প স্থগিত থাকবে।’’

উল্লেখ্য, সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজারের উখিয়ার কোটবাজার ভালুকিয়া সড়কে কামারের দোকানে তৈরির সময় ছয় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে উপজেলা প্রশাসন। ‘মুক্তি’ নামের এনজিওটি এসব চাপাতি তৈরি করছিল বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। এরপর বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে কক্সবাজার প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যাখ্যা দেয় ‘মুক্তি’।