মুহাম্মদ হানিফ আজাদ, উখিয়া :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী মজুদ রাখতে ১৪টি গুদামের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে পাঁচটি গুদামের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সব কাজ শেষ হবে। এসব গুদাম থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ দায়িত্বরত সেনাবাহিনী ও জেলা প্রশাসন বিতরণ করবে। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী ত্রাণ গুদাম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, প্রতিনিয়ত রোহিঙ্গাদের ত্রাণ আসছে। এই পর্যন্ত ৯শ’ মেট্রিক টন চাল রোহিঙ্গাদের জন্য মজুদ রয়েছে এবং চাল আসা অব্যাহত রয়েছে। তবে কে কি দিলো তা বড় কিছু নয়। কারণ মানুষ মানুষের জন্য। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, কেউ না খেয়ে থাকবে না। আমরা খেলে রোহিঙ্গারাও খাবে। আমরা সেই লক্ষ্য নিয়ে তাদের খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করছি। এ সময় ত্রাণ সচিব শাহা কামালসহ সেনাবাহিনী, জাতিসংঘের প্রতিনিধি দল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
