অনলাইন ডেস্ক |
কোনো দেশ যদি রাশিয়াকে ধ্বংস করতে চায় তাহলে তার প্রতিক্রিয়ায় রাশিয়া যে ব্যবস্থা নেবে তাতে গোটা পৃথিবী বা মানবসভ্যতাই ধ্বংস হয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ছোড়া পারমাণবিক অস্ত্রের আঘাতে মুছে যাবে সব কিছু এবং রাশিয়া না থাকলে তেমন পৃথিবী প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।
নিজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে টেলিভিশনের এক প্রামাণ্যচিত্রে তিনি বলেছেন, আমি যা বলছি এটা আপনাদের জন্য এবং সারা বিশ্বের জন্য। আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আমি মনে করি তা কখনো ব্যবহারের প্রয়োজন হবে না। তথাকথিত প্রতিশোধ বা পাল্টা হামলায় এগুলো ব্যবহারের তাত্ত্বিক পরিকল্পনা রয়েছে আমাদের। যদি আমাদের ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থায় শুধু কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা রেকর্ড হয় তাহলেই শুধু নয়, একই সঙ্গে যদি ক্ষেপণাস্ত্রের উড়ে যাওয়া প্রকৃত পূর্বাভাস দেয়, কোনো যুদ্ধাস্ত্র রাশিয়ার মাটিতে পড়ে তাহলেই আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে।
তিনি বলেন, একে বলা হয় প্রতিশোধ বা পাল্টা হামলা। যখনই আমরা আইনগত সাড়া পাব তখনই এ প্রতিশোধ নেয়া হবে। হ্যাঁ, এটা হবে বিশ্বজুড়ে মানবজাতির জন্য এক ভয়াবহ বিপর্যয়। এটা হবে বিশ্বের জন্য এক ভয়াবহ বিনাশ। রাশিয়ার একজন নাগরিক হয়ে, রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে আমি জানতে চাই রাশিয়ার অস্তিত্ব ছাড়া কোনো বিশ্ব টিকে থাকার প্রয়োজন আছে কি?
