রামু খুনিয়াপালংয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-৪; ৩জনের পরিচয় অজ্ঞাত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : রামুর খুনিয়াপালং ভাঙ্গাব্রিজ এলাকায় মিনি ট্রাক ও সিএনজির সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। আরও দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে টেকনাফগামী একটি মিনি ট্রাক কক্সবাজারগামী একটি সিএনজি (যার নং: কক্সবাজার -থ ১১-৯৩৩৫) কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের টিম লাশ উদ্ধার করেন। দূর্ঘটনা কবলিত সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

দূর্ঘটনায় নিহতদের একজনের পরিচয় পাওয়া যায়। তিনি হলেন, কোর্টবাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক সমবায় সমিতির সদস্য হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ কোলালপাড়া এলাকার মৃত আনু মিয়া সওদাগরের পুত্র বদিউল আলম। দূর্ঘটনার পরপরই নিহতের পরিবারে চলে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দূর্ঘটনার বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ জানায়, দূর্ঘটনার খবর শুনছি। ভোরে গিয়ে লাশ উদ্ধার করি। তবে বিস্তারিত জানিনা। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দূর্ঘটনার বিষয়ে রামু থানার ওসি জানান, সকালে খুনিয়াপালং এলাকায় দূর্ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে বদিউল আলম নামে আরও একজনের মৃত্যু হয়। বাকীদের পরিচয় শনাক্ত করার কার্যক্রম চলছে।

সুত্র : কক্সবাজার জার্নাল।