‘রাজনীতি দিয়ে উপার্জনের চিন্তা আমার নেই’ – মাশরাফি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মাশরাফি তার বক্তব্যে বলেন, ‘অনেকেই বলছেন এক বছর হয়ে গেল সংসদ সদস্য হয়েছি, তারপরও খেলা ছাড়ছি না। এলাকায় থাকছি না। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আমাকে এলাকায় দেখতে চান? নাকি উন্নয়ন চান? আমি এলাকার উন্নয়ন নিয়ে দৌড়াচ্ছি। নড়াইলের উন্নয়ন আমাকে শূন্য থেকে শুরু করতে হচ্ছে। এখন বিভিন্ন প্রকল্প তৈরি করা হচ্ছে। এগুলো প্রক্রিয়া হয়ে কাজ শুরু হতে দেরি হয়। এখন আমি এলাকার জন্য সচিবালয়ে দৌড়াচ্ছি, এর ফল পাবেন দুই-তিন বছরের মধ্যে।’

মাশরাফি সবার উদ্দেশে প্রশ্ন করে বলেন, ‘গত এক বছরে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? সত্যি করে বলেন। এটা আপনাদের কাছ থেকে সরাসরি জানা দরকার।’ এ সময়ে উপস্থিত সবাই হাত তুলে বলেন, ‘না’ ‘না’।

মাশরাফি বলেন, ‘রাজনীতিতে আমার নিজস্ব লোক নেই। আমি তৈরিও করতে চাই না। আমি সবার, আমি উন্মুক্ত, সবাই আমার আপন। যে কেউ কোনোভাবে বঞ্চিত হলে আমার কাছে সরাসরি বলবেন, দেখবেন ব্যবস্থা হচ্ছে। আমার কোনো ভুল থাকলে সরাসরি বলবেন, শুধরে দেবেন। আমি খুশি হব। আওয়ামী লীগের কোনো কমিটি নিয়ে আমি কথা বলি না। আমি আছি উন্নয়ন নিয়ে, মানুষের সেবা নিয়ে। এটি নিয়েই থাকতে চাই।’

এ সময় মাশরাফি তাঁর মুঠোফোন নম্বর সবাইকে বলে দেন এবং যেকোনো ব্যাপারে ফোন দেওয়ার আহ্বান জানান। মাদকের বিষয়ে মাশরাফি বলেন, ‘মাদকের সঙ্গে জড়িতরা কি রাজনীতিকদের চেয়েও শক্তিশালী। মাদক বন্ধ হচ্ছে না কেন? তাহলে আমরা প্রশ্রয় দিচ্ছি, ইন্ধন দিচ্ছি। এই সমাজের মানুষই তো মাদকের সঙ্গে জড়িত। তাঁদের ধরে কেন পুলিশে দিচ্ছেন না? নিজের মনের উন্নয়ন সবচেয়ে জরুরি। নিজে সংশোধন হই, সব ঠিক হয়ে যাবে।’