রাজনীতিতে জড়িয়ে যাচ্ছেন শ্রীলেখা?

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আবার আলোচনার কেন্দ্রবিন্দু কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার কোনো অভিনয়, বিতর্কিত বক্তব্য বা নিছক নিজেকে নিয়ে রসিকতার জন্য নয়। পশ্চিমবঙ্গের বরাহনগরে রবিবার সিপিএমের পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

তার পরেই প্রশ্ন উঠেছে, শ্রীলেখা এবার রাজনীতিতেও? প্রশ্ন শুনেই হাসি। তার পরেই পাল্টা প্রশ্ন, ‘মনে হচ্ছে তাই? তাহলে তাই-ই…।’ এর পরেই অবশ্য শ্রীলেখা বললেন, ‘‘আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। সে কথা প্রথম প্রকাশ্যে আসে সৌরভ পালধির একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর। বাম নেতারাও জানেন, আমার সমর্থন রয়েছে তাঁদের প্রতি।’

অনেকেই যখন হয় শাসক দল, নয় প্রধান বিরোধী দলে নাম লেখাচ্ছেন, সেখানে শ্রীলেখা কি উল্টো হাওয়ার পন্থী? তাঁর অকপট উত্তর- ‘হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। তার জন্য শিক্ষার প্রয়োজন। কারণ, এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।’