মেরিন ড্রাইভ সড়ক অবহেলিত করে দিল উখিয়া-টেকনাফের সিংহভাগ মানুষের জীবন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বিশেষ প্রতিনিধি :
সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে রূপ দেওয়ার জন্য জনশূন্য সৈকত এলাকা দিয়ে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করায় আরকান সড়ক সংশ্লিষ্ট উখিয়-টেকনাফ অঞ্চলের সিংহভাগ মানুষ অবহেলিত হয়ে পড়েছে। উখিয়া-টেকনাফে যদি ২ লক্ষ ৫০ হাজার জনসংখ্যা থাকে তৎমধ্যে মেরিন ড্রাইভ সংলগ্ন কক্সবাজার কলাতলি থেকে গড়ে উঠা টেকনাফ সাবরাং ইউনিয়ন পর্যন্ত ৬৪ কিলোমিটার সৈকত এলাকা জুড়ে ৫০ হাজার মানুষও থাকবে না। সে ক্ষেত্রে মেরিন ড্রাইভ সড়কটি মৌসুম ওয়ারী পর্যটন খাতে যুগান্তকারী ভূমিকা রাখা ছাড়া সংশ্লিষ্ট এলাকার মানুষের ভাগ্যের কোন উন্নয়ন ঘটাতে পারবে না বলে সংশ্লিষ্ট একাধিক অভিজ্ঞ মহল মনে করছে। সম্প্রতি মেরিন ড্রাইভ সড়কটি উদ্বোধন হওয়ায় আরকান সড়কটি এদেশের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রী, এম.পি. সহ সকলের কাছে অবহেলিত হয়ে পড়েছে। তারা টেকনাফ যাতায়তের ক্ষেত্রে একটু আরামের আশায় হয়ত ভিলাসবহুল ঐ সড়ক দিয়ে নয়তো হেলিকপ্টার যোগে সরাসরি টেকনাফ অবতরণ করে থাকে। ওখান থেকে আবার ঐ সড়ক দিয়ে কক্সবাজার বা সরাসরি হেলিকপ্টার যোগে ঢাকায় চলে যায়। এতে করে আরকান সড়ক সংলগ্ন উখিয়া-টেকনাফের সিংহভাগ মানুষের ভাগ্যেন্নয়নতো দূরের কথা যারা উন্নয়নের কথা বলবে তাদের এক পলক চোখেও দেখতে পায় না। সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টেকনাফবাসীর সাথে শেয়ার করার জন্য রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তির টেকনাফ সফর ও ৩০ মে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, সরকারের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ একাধিক মন্ত্রী, এমপি, ও দেশের কর্তা ব্যক্তি মেরিন ড্রাইভ সড়কটি দিয়ে যাতায়ত করেছে। তাদের সফরে টেকনাফ সদর, সাবরাং, শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত আংশিক মানুষ ত্রাণ সহায়তা পেলেও উখিয়া উপজেলার মরিচ্যা লাল ব্রিজ এলাকা থেকে টেকনাফের নেটং পাহাড়ের থোঁড়া পর্যন্ত আরকান সড়ক সংলগ্ন হাজার হাজার ক্ষতিগ্রস্ত দুর্যোগ প্রবন মানুষ ৪ দিন ধরে কোন সরকারী ত্রাণ সহায়তা পায়নি বলে হাজার হাজার ক্ষতিগ্রস্থ লোকজন সূত্রে অভিযোগ উঠেছে। অথচ উখিয়া উপজেলার মরিচ্যা লাল ব্রিজ থেকে টেকনাফের নেটং পাহাড়ের থৌঁড়া পর্যন্ত আরকান সড়ক সংলগ্ন বেশিভাগ এলাকার হাজার হাজার মানুষ এ ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একমাত্র মেরিন ড্রাইভ সড়কটি তাদের ন্যায্য ভাগ্যোন্নয়নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে ক্ষতিগ্রস্ত এসব মানুষের দাবী। তারা আক্ষেপ করে বলছেÑ মেরিন ড্রাইভ সড়কটি আমাদের উন্নয়নের মহাসড়ক; তাই বলে কি আমরা আরকান সড়ক সংশ্লিষ্টরা সব সময় অবহেলিত থাকব? তা না হলে সরকারের যে সব কর্তা ব্যক্তি টেকনাফ সফরে আসুক না কেন; তারা যদি আসতে এক সড়ক যেতে এক সড়ক ব্যবহার করে সবাইকে দেখে যেত অন্তত: কিছু না পেলেও শান্ত¦নার বাণীটাতো পেতাম। এভাবে কি আমরা আরকান সড়ক সংশ্লিষ্টরা ভবিষ্যতেও নেতা-নেত্রী ও দেশের কর্তা ব্যক্তিদের চোখে সারা জনম অবহেলিত থাকব? এ প্রশ্ন এখন উখিয়া-টেকনাফ অঞ্চলের আরকান সড়ক সংশ্লিষ্ট সিংহভাগ মানুষের।