উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মারমেড রিসোর্টের পাশে মাইক্রোবাসের ধাক্কায় জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কমিশনার আহসান কবির সাগরের স্ত্রী শাম্মি খানম তানিয়া নিহত হয়েছেন। এতে আহসান কবির সাগরও গুরুতর আহত হয়েছে।
শাম্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাপের বাড়ি টাঙ্গাইল বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মারমেড রিসোর্টের পাশে একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রী আহসান কবির সাগর, তার স্ত্রী শাম্মি এবং চালক গুরুতর আহত হন। স্থানীয় পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শাম্মিকে মৃত ঘোষণা করেন।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। শাম্মির লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
