মিতুর ছবির শুটিং শেষ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ক্যারিয়ারের শুরুতে বড় বড় ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন জাহারা মিতু। শাকিব খানের সঙ্গে ‘আগুন’, কলকাতার দেবের সঙ্গে ‘কমান্ডো’ ও বাপ্পীর সঙ্গে ‘যন্ত্রণা’—ছবিগুলো নিয়ে দারুণ আশাবাদী হয়েছিলেন তিনি। নানা কারণে প্রথম তিনটি ছবির কোনোটিরই শুটিং এখনো শেষ হয়নি। মিতুও অপেক্ষায় ছিলেন অন্তত একটি ছবির কাজ শেষ হোক।

দর্শক পর্দায় দেখুক তাঁকে।

২০১৯ সালে ‘আগুন’ ছবির মহরতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শাকিব খান ও জাহারা মিতু। ছবিটির শুটিং এখনো শেষ হয়নি।

অবশেষে তাঁর অপেক্ষার পালা শেষ হলো। ২২ ডিসেম্বর শুরু হওয়া শাহীন সুমনের ‘কুস্তিগির’-এর শুটিং শেষ হয়েছে। জোর দমে চলছে সম্পাদনা ও অন্যান্য কাজ। সব ঠিক থাকলে ঈদেই ছবিটি হলে মুক্তি পাবে।

‘কুস্তিগির’ ছবির একটি দৃশ্যে বাপ্পী চৌধুরী ও মিতু। এই জুটি একসঙ্গে তিনটি ছবি করছেন। ‘যন্ত্রণা’ ও ‘জয় বাংলা’র শুটিং এখনো বাকি।

মিতু বলেন, ‘আমি অনেক খুশি। একজন অভিনেত্রীর সফলতা তখন আসে যখন দর্শকের সরাসরি প্রতিক্রিয়া জানতে পারে। সব সময় চেয়েছি আমার ছবি মুক্তি পাক। দর্শক হলে গিয়ে দেখে প্রতিক্রিয়া জানাক। নির্মাতা শাহীন সুমনের কাছে কৃতজ্ঞ। তিনি দ্রুত ছবিটির শুটিং শেষ করেছেন। আমার স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন। ’