টেকনাফে ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে
শামসু উদ্দিন/রহমত উল্লাহ, টেকনাফ :
টেকনাফে ফুটসাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, “মাদকের আগ্রাসন থামাতে হলে খেলাধুলার যে অগ্রযাত্রা চলছে তা অব্যাহত রাখতে হবে। এইজন্য প্রতিটি গ্রামে খেলাধুলার আয়োজন করতে হবে। পড়ালেখার পাশাপাশি তরুণ ও যুবসমাজ যাতে সারাবছর বিভিন্ন খেলাধুলায় ব্যস্ত থাকতে পারে সেই পরিবেশ গড়ে তুলতে হবে। তাহলেই এই মাদকের দূর্নাম থেকে টেকনাফবাসী রক্ষা পেতে পারে।”
রবিবার ৯ ফেব্রুয়ারী বিকালে অলিয়াবাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অলিয়াবাদ স্পোর্টিং ক্লাবের আহবায়ক এহসান উল্লাহ পুতুইন্নার সভাপতিত্বে ইকবাল ফাহিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি সাংবাদিক নুরুল করিম রাসেল, পৌর আওয়ামীলীগ সা: সম্পাদক ও উপজেলা খেলোয়ার সমিতির সভাপতি মো. আলম বাহাদুর, পৌর যুবলীগ আহবায়ক তোয়াক্কুল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ, সাবেক খেলোয়ার নুর হোসেন, বাহারছড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি দেলোয়ার, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মো. রফিক, উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ, সৈয়দ আলম প্রমুখ।
ব্রাদার্স ফুটবল দল বনাম এস.টি.এস. গ্রুপ এর মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলা ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৩-২ গোলে এসটিএস গ্রুপ জয়লাভ করে গোল্ডকাপ চ্যাম্পিয়নশীপ অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নুর কামাল, সেরা খেলোয়ার তুফান এনাম, সেরা গোল দাতা মো. ইসমাঈল, সেরা গোলরক্ষক মো. নাইম। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মো.শুক্কুর।
