মাতামুহুরী নদী থেকে পাওয়া কচ্ছপ বঙ্গবন্ধু সাফারি পার্কে লেকে অবমুক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : মাতামুহুরী নদী থেকে পাওয়া বিরল প্রজাতীর একটি কচ্ছপকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের লেকে অবমুক্ত করা হয়েছে। সোমবার বিকালে সাফারি পার্কের কর্মকর্তা-কর্মচারীরা কচ্ছপটিকে কুমির বেস্টনীর পাশের লেকের পানিতে অবমুক্ত করেন।
চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, গত রবিবার মাতামুহুরী নদীর ব্রীজ পয়েন্টের নিচে একদল ছেলে গোসল করতে নামে। এসময় ছেলেরা নদীর এক কোনে একটি কচ্ছপ ভাসতে দেখে। পরে ওরা কচ্ছপটিকে কৌশলে ধরে সাফারি পার্কে হস্তান্তর করে। কচ্ছপটিকে পার্কের লেকের পানিতে অবমুক্ত করা হয়েছে। এর আগেও ৫-৬টি কচ্ছপ লেকের পানিতে অবমুক্ত করা হয়েছে।
সাফারি পার্কে সহকারী ভেটোরিনারী সার্জন ডা.মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি বিরল প্রজাতীর। এধরনের কচ্ছপ এখন পাওয়া যায়না। এই কচ্ছপটি সম্ভবত পাহাড়ের ঝিরি থেকে মাতামুহুরী নদীতে নেমে এসেছে। তিনি আরো বলেন, এটি ৩৫ থেকে ৪০ কেজি ওজন হবে। এরা সাধারণত ঘাস, ছোট ছোট মাছ খায়। এদের গড় আয়ু সাধারণত এক’শ বছরের উপরে।
কচ্ছপ অবমুক্তকালে এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, পার্কের সহকারী ভেটোরিনারী সার্জন ডা.মোস্তাফিজুর রহমান, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, ওয়াইল্ড লাইফ স্কাউটের সদস্য আকতারুজ্জামান খান, সাইদুর রহমান প্রমুখ