মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় মিগ-২১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ফের দুর্ঘটনায় পড়ল ভারতীয় বিমানবাহিনীর মিগ ২১। এবার মিগ-২১ বাইসন ভেঙে পড়েছে রাজস্থানে। এ ঘটনায় নিহত হয়েছে একজন।

শুক্রবার সন্ধ্যার এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গেছে বলে জানায় দেশটির গণমাধ্যম।

চলতি বছরে এ নিয়ে পঞ্চমবার ভেঙে পড়ল মিগ বিমান।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ প্রশিক্ষণ চলাকালে ওয়েস্টার্ন সেক্টরে বিমানটি ভেঙে পড়ে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উইং কমান্ডার হর্ষিত সিনহা। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিমানবাহিনী।

১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ বিমান পেয়েছিল ভারতীয় বিমান সেনারা।

প্রায় ৪০০ মিগ-২১ বিমান দুর্ঘটনার মুখে পড়েছে এখনো পর্যন্ত। গত ৬ দশকে অন্তত ২০০ জন পাইলটের প্রাণ কেড়েছে এই মিগ বিমান। তাই একে ফ্লাইং কফিন ও উইডো মেকারও বলা হয়।

সব মিলিয়ে এই যুদ্ধবিমানকে ঘিরে বারবারই নানা প্রশ্ন উঠেছে।

বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের সাম্প্রতিক সংস্করণ। এ এয়ারক্রাফটের চারটি স্কোয়াড্রন রয়েছে ভারতে। একটি স্কোয়াড্রনে অন্তত ১৬-১৮টি ফাইটার জেট থাকে।