সাদ্দাম হোসাইন : চট্টগ্রামের পতেঙ্গা বেড়িবাঁধ এলাকা হতে বোট চুরি করে মুক্তিপণ দাবীর ঘটনায় র্যাবের নিকট অভিযোগ দেওয়ার পর ছিনতাইকৃত বোটটি জব্দ করে কুতুবদিয়া উপজেলার মকসুদ আলম নামে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরো ৪জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়,গত ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টারদিকে র্যাব-৭ এর আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলীর ঢাকা ট্রাংক রোডস্থ ইস্পাহানি সামিট অ্যালাইয়েন্স টার্মিনাল লিমিটেড এর ভিতর অভিযান চালিয়ে জলদস্যু মকছুদ আলমকে গ্রেফতার করেন। এই ঘটনায় কুতুবদিয়া উপজেলার পশ্চিম তাবলরচরের আসকর আলীর পুত্র মোঃ সফি উল্লাহ (৩৫), শরীফ আলীর পুত্র নুরুল আমিন (৩৮), জনৈক আশরাফ, মিন্টু পালিয়ে যায়।
এরপূর্বে গত ১২এপ্রিল বোট মালিক পতেঙ্গার মুসলিমাবাদের মৃত গুরা মিয়ার পুত্র মোঃ মুসলিম মিয়া (৪৫) এর লিখিত অভিযোগের ভিত্তিতে দুপুর দেড়টায় র্যাব-৭ এর একটি দল কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলী আকবর ডেইলের তাবলারচর ‘এলাকার বেড়ীবাধ থেকে চুরি হওয়া বোটটি উদ্ধার করেন।
গত ৭ এপ্রিল ৬টায় বোট মালিকের প্রতিবেশী মৃত সোলতান আহমদের পুত্র, মাছ ধরার বোটের মাঝি মোঃ বাদশা (৩৫) মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকায় বোটটি নোঙ্গর করে খাবার খাওয়ার জন্য বাড়িতে যায় এবং রাত সাড়ে ৯টায় ফিরে এসে দেখে বোটটি নাই। পরদিন রাত ২টায় দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করলে চুরি হওয়া বোটটি উদ্ধারের জন্য র্যাবের নিকট লিখিত অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে র্যাব-৭ এর সদস্যরা বোটটি উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করে।
চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ আনোয়ার হোসেন ভূঁঞা জানান, জব্দকৃত বোটটি মালিকের নিকট হস্তান্তর করে সংশ্লিষ্ট মামলায় আটক মকসুদকে প্রধান আসামী এবং অপর ৪জনকে পলাতক আসামী করে ধৃতকে পতেঙ্গা থানায় সোর্পদ করা হয়েছে।
