সংবাদ বিজ্ঞপ্তি : কে মানবাধিকার কর্মীঃ যে সৎ উপার্জন করেন এবং উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করেন, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সকল মানুষের শান্তির পক্ষে আওয়াজ তোলেন।
১০ ডিসেম্বর ২০১৯ উদযাপিত হচ্ছে ৭১তম বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হচ্ছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC তার সদর দপ্তর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ৯:৩০টায় একটি র্যালী যাত্রা শুরু করবে এবং জাতীয় প্রেসক্লাব এর সামনে গিয়ে র্যালীটি শেষ হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার কর্মগিণ একটি মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করবে। বৃহত্তর ঢাকা মহানগর এবং ঢাকা জেলার দুই সহস্রাধিক মানবাধিকার কর্মী এই কর্মসূচীতে যোগ দিবেন।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে এবং বহির্বিশ্বের ৪১টি দেশে BHRC একযোগে দিবসটি পালন করবে। দেশের অভ্যন্তরীণ বিভাগীয় শহর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং বরিশালসহ দেশের প্রায় সবকটি জেলা, আঞ্চলিক, উপজেলা, কলেজ-বিশ্ববিদ্যালয়, মহিলা, থানা, বাণিজ্যিক ও পৌরসভা কমিটিগুলো নিজ নিজ এলাকায় নানাবিধ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করতে যাচ্ছে। কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, র্যালী, মানববন্ধন, বিশেষ স্মরণীকা প্রকাশ, পোস্টার প্রদর্শনী, কবিতা পাঠ, নাট্যানুষ্ঠান, রক্তদান কর্মসূচী এবং রচনা প্রতিযোগিতা সহ নানাবিধ অনুষ্ঠানমালা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ৭১ বছর পূর্বে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বতঃস্ফূর্তভাবে গৃহীত সার্বজনীন মানবাধিকার সনদের আদর্শ ও দর্শন পরবর্তীকালে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলে বিস্তারিতভাবে শুধু সন্নিবেশিতই করা হয়নি বরং তা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জাহানারা আক্তার
সহকারী পরিচালক
বাংলাদেশ মানবাধিকার কমিশন
