টেকনাফ টুডে ডেস্ক |
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে ৬০টি প্যাকেটে রাখা তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জসিম উদ্দীন নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রোববার সন্ধ্যায় বিমানবন্দরের ডোমেস্টিক আগমনী এলাকা থেকে ওই যাত্রীকে ইয়াবাসহ আটক করা হয়।
শুল্ক গোয়েন্দার ডিজি ড. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল ডোমেস্টিক আগমনী এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম থেকে ভিকিউ-৯১২ নম্বর ফ্লাইটে সন্ধ্যার দিকে ঢাকায় নামেন জসিম উদ্দীন। ডোমেস্টিক এলাকা অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দা দল জসিম উদ্দীনকে আটক করে। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন।
পরে তাকে কাস্টমস আগমনী হলের ব্যাগেজ কাউন্টারে নেয়া হয়। সেখানে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর দেহ তল্লাশির পর তাকে টয়লেটে নিয়ে বিশেষ কায়দায় তার পায়ুপথ থেকে একে একে ৬০টি ছোট ইয়াবার প্যাকেট বের করা হয়। জব্দকৃত ইয়াবাগুলোর মূল্য ২৭ লাখ টাকা।
ওই ইয়াবাসহ জসিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
