টেকনাফ টুডে ডেস্ক : ভোটারদের মাঝে আস্থার পরিবেশ সৃষ্টি করতে নির্বাচনী দায়িত্বে থাকা বিচারিক হাকিমদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
সোমবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিচারকদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই না আপনাদের মাধ্যমে এলাকায় আতঙ্কের সৃষ্টি হোক, আস্থার পরিবেশ যেন সৃষ্টি হয়- সেটা আমরা চাই।
“যিনি অপরাধী তার অপরাধকে আমলে নিতে হবে, যে অপরাধী নয় তাকে ন্যায়বিচার দিতে হবে। তাহলেই আস্থা অর্জন হবে।”
সিইসি বলেন, “আপনাদের আচরণে, আপনাদের কাজে, দক্ষতায় মানুষের মনে, প্রার্থী, রাজনীতিবিদের মনে যেন আস্থার সৃষ্টি হয়, সে দায়িত্ব আপনাদের।”
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিচারিক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশন জাতি, সংবিধান ও ভোটারদের কাছে দায়বদ্ধ। সহযোগিতা, বিচারিক মনোভাব দিয়ে আপনাদের দায়িত্ব পালন করবেন। সাংবিধান ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।”
একেবারেই নিরপেক্ষভাবে আইন মেনে একটি নির্বাচন পরিচালনা করতে চান বলে জানিয়ে সিইসি বলেন, “আমরা একেবারেই নিরপেক্ষভাবে একটা নির্বাচন অনুষ্ঠান করতে চাই। আমাদের কোনো দল নেই, পক্ষ নেই, ব্যক্তি নেই। শুধুমাত্র নিয়মকানুন মেনে আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই।”
ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, “আইনের শাসন না থাকলে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাকে আমরা ‘হলুদ গণতন্ত্র’ বলি। আমরা হলুদ গণতন্ত্র চাই না। চাই স্বচ্ছ ও স্বাভাবিক গণতন্ত্র।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনানুগভাবে নির্বাচন করার কথা বলেন তিনি।
সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, র্যাবসহ সবব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান তিনি।
নির্বাচনী দায়িত্ব পালনে সোম, মঙ্গল ও বুধবার ৬৪০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান মাহবুব তালুকদার।
বক্তব্য দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান ও ইটিআইর মহাপরিচালক মোস্তফা ফারুক।
সুত্র : বিডি নিউজ ২৪.কম
