আজিজ উল্লাহ :- বাংলাদেশ আওয়ামী লীগ বাহারছড়া ইউনিয়ন শাখার সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে ত্যাগী নেতা সাইফুল্লাহ কোম্পানী সভাপতি এবং যুবনেতা মোঃ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
জানা যায়, ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকালে বাহারছড়া শামলা পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্নআহবায়ক সাইফুল্লাহ কোম্পানীর সঞ্চালনায় এতে সম্মেলনের উদ্বোধক এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা রশিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোরশেদ, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। সভাপতি পদে সাইফুল্লাহ কোম্পানী ও রফিকুল আলমের নাম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেন ও হাসানুর রহমানের নাম প্রস্তাব করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ প্রতিদ্বন্দি প্রার্থীদের সমঝোতায় আসার সময় দিলে দুই পদের দুই প্রার্থী প্রতিদ্বন্দিতা থেকে সরে আসায় উপস্থিত অতিথিবৃন্দ বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাইফুল্লাহ কোম্পানী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, সংগঠনকে এগিয়ে নিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতেই আজকে এই ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের রায়ে আমি নেতা নির্বাচিত হয়েছি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এই ব্যাপারে তৃণমূল নেতাকর্মীদের আন্তরিক সহায়তা কামনা করেন।
