বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের জন্য বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সহস্রাধিক চিকিৎসক।

আজ বৃহস্পতিবার দুপুরে ইউনানি ও আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের (স্বাদেচিপ) ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পদক্ষেপ অনুযায়ী বিইউএমএস ও বিএএমএস ইউনানি ও আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট চিকিৎসকগণ প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে দেশের সর্বত্র সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানে বদ্ধ পরিকর।

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইস্তেহার অনুযায়ী এই চিকিৎসা ও শিক্ষা ব্যবস্হার ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছেন। প্রথম শ্রেণির পদমর্যাদায় প্রায় তিন শতাধিক বিইউএমএস ও বিএএমএস ডিগ্রিধারী চিকিৎসককে মেডিকেল অফিসার পদে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেওয়া হয়।

দেশের করোনাকালীন এই ক্রান্তিলগ্নে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে বিএএমএস ও বিইউএমএস চিকিৎসকরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতালসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোষ্টারভিত্তিক ডিউটি করেছেন।

বিইউএমএস ও বিএএমএস ইউনানি ও আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট চিকিৎসকরা নিজস্ব পদ্ধতির চিকিৎসার পাশাপাশি তাদের কোর্স কারিকুলামের অংশ হিসেবে যে কোনো জরুরি ও আধুনিক চিকিৎসা দিতে সক্ষমতা রাখে।

তবুও এসব চিকিৎসকদের সফলতা ও সক্ষমতার ঈর্ষান্বিত হয়ে কিছু ষড়যন্ত্রকারী বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের নানাভাবে হয়রানি করছে।

এ সময় স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ (স্বাদেচিপ) এর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে। পাশাপাশি বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের জন্য বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডেকেল কাউন্সিল গঠনের জন্য জোর দাবি জানানো হয়।

এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট চিকিৎসক সমন্বয় পরিষদের আহবায়ক ডা. আলমগীর হোসেন দৈনিক আমাদের সময়কে বলেন, ‘বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের জন্য বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করা হোক। সরকারের কাছে এটিই আমাদের জোর দাবি।’

তিনি আরও বলেন, ‘মেডিকেল কাউন্সিল গঠন করা হলে এবং একটি নীতিমালা তৈরী করা হলে অামরা নানাভাবে হয়রানি শিকার হওয়া থেকে রেহাই পাবো।’

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ (স্বাদেচিপ) এর সভাপতি ডা. আ জ ম দৌলত আল মামুন, মহাসচিব ডা. এ কে এম মামুন উর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল ও ডা. ইউসুফ, সাংগাঠনিক সম্পাদক ডা. আবু বকর সিদ্দিক, ডা. এ এইচ এম কামরুজ্জামান সুমন, ডা. সোহরাব হোসেন বাদল, ডা. রুহুল আমিন ভূঁইয়া, ড. অনাদি হোসেন মামুন, ডা. মমিনুল ইসলাম রানা।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট চিকিৎসক সমন্বয় পরিষদের আহবায়ক ডা. আলমগীর হোসেন, সরকারী ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকবৃন্দ ও বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত চিকিৎসকবৃন্দ।