বাংলাদেশ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সাউথ এশিয়ান গেমসে (এসএ) অনেক বড় প্রত্যাশা নিয়েই কাঠমান্ডু গেছে বাংলাদেশ। সেই অনুযায়ী প্রথম দিন থেকেই বেশ দাপট দেখিয়ে চলেছে বাংলাদেশের অ্যাথলেটরা। সাত দিনে স্বর্ণপদক পেয়েছে ঠিক সাতটি।

তবে অন্য যেকোনো ডিসিপ্লিনের চেয়ে বেশি প্রত্যাশা রাখা হয়েছিল আর্চারিকে ঘিরে। হতাশ করেননি দেশের আর্চাররা।

আজ (রোববার) এসএ গেমসের অষ্টম দিনে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে আসরের অষ্টম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। প্রথম সেটে ৫৫-৫১ সেটে জেতে বাংলাদেশ। পরের সেটে অবশ্য হারে ৫৫-৫৭ পয়েন্টে। এরপর দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে বাংলাদেশ জেতে ৫৪-৫১ ব্যবধানে। এরপর ৫৪-৫৪ তে টাই হয়েছে। সব মিলিয়ে সোনা জিতেছে বাংলাদেশ।

এ পর্যন্ত বাংলাদেশ সব মিলিয়ে ৮টি সোনার পদক জিতল এসএ গেমসে। আর্চারিতে ১০ ইভেন্টেই ফাইনালে ওঠা বাংলাদেশ শুরুতেই জিতেছে একটি সোনা। বাকি ৯টি সোনার পদকও জেতার আশা বাংলাদেশের।

এই সোনার পদক জেতার পর উচ্ছ্বসিত রোমান সানা সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘এসএ গেমসে এটা আমার প্রথম খেলা। প্রথম গেমসে সোনা জিতে খুব ভালো লাগছে। বাকি সব ইভেন্টে ফাইনালে উঠেছি। আশা করি বাকিগুলোতেও জিততে পারব।’

দলগত ইভেন্টের বাইরে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন রোমান সানা। তিনি হারিয়েছেন তামিমুল ইসলামকে। ৯ ডিসেম্বর ফাইনালে কিনলে শেরিংয়ের বিপক্ষে খেলবেন রোমান। মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে উঠেছেন ইতি খাতুন। তিনি সেমিফাইনালে হারিয়েছেন ভুটানের কারমাকে। ভুটান থেকে প্রথম সরাসরি অলিম্পিকে সুযোগ পাওয়া কারমাকে হারিয়ে চমকে দেন ইতি।

ছেলেদের কম্পাউন্ড এককের ফাইনালে উঠেছেন সোহেল রানা। তিনি হারিয়েছেন স্বদেশি অসীম কুমারকে। ফাইনালে সোহেলের প্রতিপক্ষ তানদিন দর্জি। মেয়েদের কম্পাউন্ডের এককের ফাইনালে উঠেছেন সোমা বিশ্বাস। শ্রীলঙ্কার থাকশিলাকে সেমিফাইনালে হারিয়েছেন সোমা। ফাইনালে প্রতিপক্ষ ভুটানের করুনারত্নে। ছেলেদের রিকার্ভ দলগত বিভাগকে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।