দেশে বন্যা মোকাবেলায় সরকারের পাশাপাশি প্রস্তুত আ.লীগ : প্রধানমন্ত্রী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সারাদেশে বন্যা পরিস্থিতিতে নেতাকর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে। যত বাধাই আসুক, উন্নয়নের স্বীকৃতি ধরে রাখতে হলে রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি নিতে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিনিয়ত সারা দেশে কোথায় কী ঘটছে খবর নিচ্ছি এবং সেখানে যার যা দায়িত্ব সেটা সঙ্গে সঙ্গে পালন করে যাচ্ছে। এখনে এতটকু কোনো শৈথিল্য নাই। কারণ তাদের সব কাজ আমাকে সঙ্গে সঙ্গে ‘মেসেজ’ দিয়ে জানাতে হয়।

দুর্যোগ মোকাবেলায় বিএনপি সরকারে একটি ঘটনার কথা স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ৯১ এর ঘুর্ণিঝড়, তখনতো বিএনপি সরকার ক্ষমতায়। তারা জানেই না এত বড় একটা ঘূর্ণিঝড় হয়েছে, এতো মানুষ মারা গেছে। পার্লামেন্টে যখন আমি বললাম এত বড় ঘূর্ণিঝড় হয়েছে, এতো মানুষ মারা গেছে।

তিনি বলেন, তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া পার্লামেন্টে বলে দিল ‘যত মানুষ মরার কথা ছিল, তত মানুষ মরে নাই।’ আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম যে, ‘কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে বলেন’-এছাড়া বলার মত কিছু ছিল না। কারণ উনি জানেনই না। এই যে একটা দুর্যোগ আসলে সিগন্যাল দেয়া হচ্ছে, কিচ্ছু জানেনই না।

তিনি বলেন, বাংলাদেশে আমরা সরকার গঠন করে যে জায়গাটাতে নিয়ে আসতে পেরেছি সেখানে মূল শক্তিটাই ছিল আমাদের দেশের জনগণ ও তাদের সমর্থন। যে কারণে বাংলাদেশ এগিয়ে যেতে পেরেছে। তার জন্য সব থেকে বেশি প্রয়োজন সাংগঠনিকভাবে আমাদের দলকে যেমন শক্তিশালী করে জনমত সৃষ্টি করা।