বনানীতে আগুন : তাসভীরের পর জমির মালিক ফারুকও গ্রেপ্তার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বনানীর এফআর টাওয়ারে আগুনে হতাহতের ঘটনায় ওই ভবনের দুই মালিক বিএনপি নেতা তাসভীর উল ইসলাম ও প্রকৌশলী এস এম এইচ আই ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদের মধ্যে ফারুক ওই ভবনের জমির মালিক। আর কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর ওই ভবন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

তাসভীর প্রযুক্তি খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এফআর টাওয়ারের ২১ থেকে ২৩তলা পর্যন্ত এই প্রতিষ্ঠানের অফিস।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বারিধারার বাসা থেকে তাসভীরকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাজাহান সাজু জানান।

এরপর মধ্যরাত পেরিয়ে পৌনে ২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান জানিয়েছেন।

এফআর টাওয়ার: মূল নকশায় ‘মিল নেই’, সতর্কবাণীও ‘উপেক্ষিত’

বৃহস্পতিবার এফআর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের মৃত্যু এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। ওই ভবনে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এটি ভবন নির্মাণ নীতিমালা অনসুরণ করে তৈরি করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে শনিবার দুপুরেই জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি মামলার বাদী ও আসামিদের সম্পর্কে কোনো তথ্য দেননি। এরপর রাতেই এই দুজনকে গ্রেপ্তার করা হল।

বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে আগুনে ২৬ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন

বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে আগুনে ২৬ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন
কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে এফআর টাওয়ারের জমির মূল মালিক ছিলেন এস এম এইচ আই ফারুক। ওই জমিতে ২০০৫ সালে ভবন নির্মাণের কাজ শুরু করে রূপায়ন গ্রুপ। দুই বছর পর ভবনটি চালু হয়।

আধাআধি মালিকানা হওয়ায় ভবনটির নাম তখন দেওয়া হয় ফারুক-রূপায়ন টাওয়ার; সংক্ষেপে এফআর টাওয়ার।

রূপায়ন পরে তাদের মালিকানায় থাকা বিভিন্ন ইউনিট বিক্রি করে দেয়। সব মিলিয়ে ২৩ তলা ওই ভবনের সবগুলো ইউনিটের মালিক এখন ফারুক ও তাসভীরসহ মোট ২৪ জন। বিভিন্ন ফ্লোর তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছেন।

বনানীর অগ্নিকাণ্ড: এফআর টাওয়ারেও ছিল সেই অব্যবস্থাপনা

২১ থেকে ২৩ তলা পর্যন্ত অফিস রয়েছে তাসভীরের প্রতিষ্ঠানের, তিনিই ভবনটি পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।