স্পোর্টস ডেস্ক |
তারা ফুটবলপাগল কিশোর। বয়স ১৩ থেকে ১৯ বছর। চোখেমুখে স্বপ্ন। একদিন তারাও মেসির মতো সুপারস্টার হবে। ফুটবলের জাদুতে বিশ্ব মাত করবে।
কিন্তু সেই স্বপ্নপূরণে নামি ক্লাবে প্রশিক্ষণ নিতে গিয়ে দুঃসহ যৌন নিপীড়নের শিকার হচ্ছে কিশোররা। একজোড়া বুট ও একটি জাঙ্গিয়া পেতে তাদের যৌন সম্পর্কে লিপ্ত হতে হচ্ছে।
মেসির দেশ আর্জেন্টিনাতে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। দেশটির অন্যতম সফল ও নামিদামি ফুটবল ক্লাব ইন্দিপেনদিয়েন্তিতেই যৌন নিপীড়নের শিকার হচ্ছে কিশোররা।
সেখানে কিশোরদের প্রশিক্ষণ দেয়া হয়। যাদের প্রত্যেকের বয়স ১৩-১৯ বছরের মধ্যে। নানা সময়ে নানাজনের সঙ্গে তাদেরই যৌন সংসর্গে মিলিত হতে হয়। বিনিময়ে মেলে একজোড়া বুট ও একটি আন্ডারওয়্যার।
জানা গেছে, ক্লাবটির কয়েকজন অসাধু কর্মকর্তা এই অবাধ যৌনতায় ইন্ধন দিয়েছেন। তারা নিজেরা ছাড়াও যৌন অপরাধের বিভিন্ন নেটওয়ার্কও এর সঙ্গে জড়িত। কয়েক দিন আগে এ খবর প্রকাশ্যে আসে। এর পর গ্রেফতার করা হয় রেফারি মার্টিন বুসটোস ও তার আইনজীবীকে।
এদিকে কিশোরদের যৌন নিপীড়ন নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর অংশ হিসেবে অর্ধশতাধিক কিশোরের সাক্ষাৎকার নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মারিয়া সোলেদাদ গ্যারিবাল্দি। সাক্ষাৎকালে কিশোরদের কাছে ক্লাবটির বোর্ডিং সুযোগ-সুবিধা জানতে চাওয়া হয়। তখন তারা যৌন নিপীড়নের অভিযোগের সত্যতার কথা নিশ্চিত করে জানায়।
