ফিশিং বোট মালিকদের সতর্কবার্তা দিলো জেলা মৎস্য অফিস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

নিজস্ব প্রতিবেদক ॥
ফিশিং বোট মালিকদের সতর্কবার্তা দিলো জেলা মৎস্য অফিস। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন ২৩ নভেম্বর বুধবার গণমাধ্যমের সাহায্যে এই সতর্কবার্তা পৌঁছে দিলেন। বার্তায় তিনি আইনানুগ ব্যবস্থাগ্রহণে জেলা মৎস্য বিভাগ কার্পণ্য করবেন না বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন।
বার্তায় তিনি উল্লেখ করেছেন, মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে অবশ্যই নির্ধারিত ফরম পূরণের পাশাপাশি বোটের সামনে ও পিছনে নাম লেখা থাকতে হবে। পেছনে খোদাই করে লিখতে হবে বন্দরের নাম। প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারি ফিস জমা দিয়ে চট্টগ্রামের নৌ বাণিজ্য দপ্তর থেকে বোটের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট অব ইন্সপেকশন সংগ্রহ করতে হবে। এরপর চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম অথবা কক্সবাজার জেলা মৎস্য অফিসে নির্ধারিত আবেদন ফরম পূরণের পর প্রয়োজনীয় কাগজপত্র ও সরকারি ফি পরিশোধ করেই নিতে হবে ফিশিং লাইসেন্স। উল্লিখিত শর্ত পূরণ না করে কোন যান্ত্রিক নৌ-যানকে সাগর কিংবা জলাশয়ে মাছ ধরার অনুমতি দেয়া হবে না বলেও জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।