টেকনাফ টুডে ডেস্ক : ফিলিপাইন আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০১৮ তে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে তুরঙ্গমী। ফিলিপাইন সরকারের পক্ষ থেকে তুরঙ্গমীকে দেওয়া আমন্ত্রণপত্রে জানানো হয়, ফিলিপাইনের রাষ্ট্রপতির আদেশক্রমে, আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে ২০১৮ সালের এপ্রিলের শেষ সপ্তাহকে ফিলিপাইনে ‘জাতীয় নৃত্য সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে।
এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার নৃত্যদলকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন সরকার। ২৫ থেকে ৩০ এপ্রিল, ২০১৮ পাঁচ দিনব্যাপী উৎসবে তুরঙ্গমীর প্রযোজনা ‘অনামিকা সাগরকন্যা’, কোরিওগ্রাফী ‘নন্দিনী’ ও ‘ফরএভার- চির দিনের গান’ মঞ্চায়ন করা হবে। বাংলাদেশের নাচের উপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত।
উৎসবের প্রতিপাদ্য বিষয় ‘নৃত্যের মধ্যে সাংস্কৃতিক সংযোগ’। পূজা সেনগুপ্তর নেতৃত্বে আগামী বুধবার ছয় সদস্যের দল ফিলিপাইন যাচ্ছে।
দলের সদস্যরা হলেন পূজা সেনগুপ্ত, সুস্মিতা লোপা, মো. ফরহাদ আহমেদ, কাজী রায়হান, বৃষ্টি বেপারী, মো. হাসান-উদ-দীন।
আন্তর্জাতিক এই আসরে তুরঙ্গমীর অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা করছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
