পুলিশি স্থাপনায় জঙ্গি হানার শঙ্কা, জরুরি বার্তায় সতর্ক সিএমপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

চট্টগ্রাম প্রতিদিন :
চট্টগ্রামের পুলিশি স্থাপনায় ঢুকে জঙ্গি হামলার আশংকা করছে পুলিশ। সেজন্য সব পুলিশি স্থাপনা, যানবাহন ও সদস্যদেরকে সর্তক থাকতে বলা হয়েছে জরুরি এক বেতার বার্তায়। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর পুলিশ কন্ট্রোলরুম থেকে জারি করা এ সতর্ক বার্তার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে জঙ্গি হামলার আশঙ্কার বার্তা গেছে পুলিশের সব ইউনিটে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) দায়িত্বশীল সূত্রগুলো বলছে, পুলিশ সদর দপ্তরের গোপন বার্তা পেয়েই সিএমপির কন্ট্রোল রুম থেকে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়ে সন্ধ্যার পর জরুরি বেতার বার্তা জারি করা হয়। এরপরই সর্বত্র সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়। থানায় প্রবেশমুখে কড়াকড়ি আরোপ করা হয়। পরিচয় নিশ্চিত হয়ে এবং ব্যাপক তল্লাশির মুখেই আগন্তুকদের প্রবেশ করতে দেওয়া হয়।

এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। সন্দেহজনক গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি করা হয়। বিশেষ করে বেশকিছু হোটেল ও মেসে ঝটিকা তল্লাশি চালায় পুলিশ।

এদিকে পুলিশ সদস্যদের সেইফ গার্ড পরিহিত অবস্থাতেই দায়িত্ব পালন করতে বলা হয়েছে বিশেষ বার্তায়।