টেকনাফ টুৃডে ডেস্ক : ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকায় শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়া পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে ইরান। ‘দ্য এটোমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান’ (এইওআই) এর মুখপাত্র বেহরুজ কমলভান্দির দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘ইরান প্রেস’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করা সংস্থা ‘দ্য এটোমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান’ এর প্রধান আলি আকবার সালেহির ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার কারণেই পারমাণবিক কর্মসূচি আরও শক্তিশালী করার ঘোষণা দেওয়া হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞাকে ‘মূল্যহীন মরিয়া প্রচেষ্টা’ বলে উল্লেখ করে এইওআই’র মুখপাত্র বেহরুজ কমলভান্দি বলেন, ‘জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) থেকে বেরিয়ে আসায় ইরানের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলার এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই।’
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ও তাত্ত্বিকদের মতে,ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর যে সংকট চলমান রয়েছে তার মূল কারণ হলো মার্কিন প্রশাসন তথা ডোনাল্ড ট্রাম্পের ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া। ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আক্রোশের কারণে বহুল আলোচিত এই পরমাণু চুক্তি থেকে মিত্রদের আপত্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়।
