অনলাইন |
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাকারিয়া পিন্টুকে হঠাৎ করে ২৬ নভেম্বর সোমবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
পিন্টুর ভাই জুয়েল মঙ্গলবার দুপুরে জানান, আমার ভাই জাকারিয়া পিন্টুর কোনো খবর আমরা এখনো পায়নি।
পিন্টুর পরিবার সূত্রে জানা গেছে, ঢাকা মিরপুরের মনিপুর এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন পিন্টু। গত সোমবার দুপুর ২টায় বাসা থেকে গুলশান বিএনপি অফিসে যাওয়ার জন্য বের হন তিনি। এরপর থেকেই পিন্টু নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে পুলিশ, র্যাব ও ডিবি অফিসে খোঁজ নেয়া হয়েছে। কোথাও তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল জানান, কোথাও পিন্টু ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর অফিসগুলোতেও খোঁজ নেয়া হয়েছে। মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
ঈশ্বরদী পৌর বিএনপির একাধিক নেতারা জানান, সোমবার ২টার পর থেকে পিন্টু কোথায় আছে তা কোনোভাবেই জানা যায়নি। এদিকে জাকারিয়া পিন্টু নিখোঁজ হয়েছেন এমন সংবাদ ঈশ্বরদীতে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
