পাকিস্তানে মন্ত্রীর সমালোচনা করায় সাংবাদিক গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বুধবার পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) সাইবার ইউনিট একজন সাংবাদিককে বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাংবাদিকের সহকর্মীরা বলছেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না।

এই সাংবাদিকের নাম মহসিন বেগ। মাত্র কয়েকদিন আগে তিনি পাকিস্তানের একটি টেলিভিশন টকশোতে হাজির হয়ে সরকারের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ঘনিষ্ঠতা থাকায় যোগাযোগ মন্ত্রী মন্ত্রী মুরাদ সাঈদকে প্রধানমন্ত্রী ইমরান খান পুরস্কৃত করেছেন। এই ঘটনাকে তিনি ‘পক্ষপাতিত্ব’ বলে অভিহিত করেন।

এই ঘটনার পর যোগাযোগ মন্ত্রণালয় কেন্দ্রীয় কর্তৃপক্ষের (এফআইএ) কাছে বেগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

বেগের পরিবার সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা বুধবার সকালে রাজধানী ইসলামাবাদে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতারের কোনো কারণ না জানিয়ে তাকে তুলে নিয়ে যান।
গ্রেফতারকৃত সাংবাদিকের ছেলে বলেন, কর্মকর্তারা ইউনিফর্ম ছাড়াই আমাদের বাড়িতে হাজির হয়। প্রথমে আমরা ভেবেছিলাম তারা চোর হবে। তারা আকাশে গুলি ছুড়েছিল। কিন্তু পরবর্তীতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয় দেয়। আমরা তাদেরকে গ্রেফতারি পরোয়ানা দেখাতে বলি। কিন্তু তারা দেখাতে পারেনি। এরপর পুলিশও হাজির হয়।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফেডারেল তদন্তকর্মকর্তারা অভিযান চালানোর সময় প্রতিরোধের মুখে পড়ে। পরে তারা সাংবাদিক মহসিন বেগকে টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলেন।

বেগের গ্রেফতারের ঘটনায় পাকিস্তানি সাংবাদিকরা নিন্দা জানিয়েছেন।

এদিকে সাংবাদিক মহসিন বেগকে গ্রেফতারের পর তদন্ত সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যোগাযোগ মন্ত্রীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের কাছে অনুসন্ধান এবং গ্রেফতারি পরোয়ানা ছিল। কিন্তু মহসিন বেগ এবং তার ছেলে ও বাড়ির প্রহরীরা কর্মকর্তাদের দিকে সরাসরি গুলি চালায়। তারা দুইজন কর্মকর্তাকে জিম্মিও করে। গুলি ফুরিয়ে যাবার পরই মহসিন বেগকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

এদিকে মন্ত্রীর পক্ষ থেকে যে এজাহার দায়ের করা হয়েছে তাতে সাংবাদিক মহসিন বেগের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।