নিজস্ব অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু উদ্বোধন করলেন এমপি আফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
নিজস্ব অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে বেতনা নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধন করলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

শনিবার বিকালে যশোরের শার্শা উপজেলার নাভারণ কাঠশিকরা গ্রামে বেতনা নদীর ওপর নির্মিত এই সেতু উদ্বোধন করেন তিনি।

শেখ আফিল উদ্দিন বলেন, ‘মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। কর্মই মানুষের প্রকৃত পরিচয়। মহান ব্যক্তিরাই কর্ম দ্বারা নিজেদেরকে মানুষের কাছে বাঁচিয়ে রাখে। আমাদেরকেও সেই মহান ব্যক্তিদের মতো কর্মের দ্বারা সমাজের কাছে পরিচয় বহন করার নিদর্শন রেখে যেতে হবে।’

তিনি বলেন, ‘এই গ্রামের ভোট নেয়ার জন্য ইতিপূর্বে বহুলোক সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কেউ প্রতিশ্রুতি রাখেনি। আল্লাহ আমাকে সেই প্রতিশ্রুতি রক্ষার সক্ষমতা দিয়েছেন। তাই আমি এই সেতু আজ উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহারাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাভারন বাজার কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদার, কাঠশিকরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফি ও যুবলীগ নেতা মোহাম্মদ আলী টুটুল।

এসময় অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অহিদুজ্জমান, চেয়ারম্যান আয়নাল হক, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।