নারায়ণগঞ্জেএকই পরিবারের মা-ছেলেসহ চারজন দগ্ধ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাসায় এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের মা-ছেলেসহ চারজন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত নয়টায় সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ফাতেমা বেগম (৩০), তার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫), মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) ও সাফওয়ান আলী (১০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইনটাওয়ারের ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যায়। এ সময় ম্যাচের কাঠি জ্বালাতেই এলপি গ্যাসের লিকেজ থেকে পুরো ঘরে আগুন ধরে যায়। এই আগুনে ফাতেমা বেগমসহ তার তিন সন্তান দগ্ধ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে সাইফ আলী বেগের অবস্থা গুরুতর।