নাইক্ষ্যংছড়িতে ট্রাক উল্টে হতাহতের স্বজনেরা পেল আরও সাড়ে ৫লাখ টাকা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান):বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউপিতে ত্রাণবাহী ট্রাক উল্টে প্রাণ হারানো এবং আহতদের পরিবারের সদস্যদের মাঝে আরও সাড়ে ৫লাখ টাকার আর্থিক অনুদান তোলে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে তা হস্তান্তর করা হয়। উপজেলার টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন-নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব মোহাম্মদ ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জহুরা খাতুন,সাধারণ সম্পাদিকা ওজিফা খাতুন রুবি প্রমূখ। সভায় ইউএনও জানান- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পাঠানো এক লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পাঠানো ২ লাখ ৫০ হাজার টাকা, দুর্ঘটনা কবলিত ট্রাকের মালিক উখিয়ার গফুর মেম্বারের ব্যক্তিগত ৯০হাজার এবং উখিয়ার ছয়তারা রাইচ এন্ড ফোর মিলের মালিক কবির আহমদের দেয়া ব্যক্তিগত আরও ৯০হাজার টাকা মিলিয়ে প্রায় সাড়ে ৫লাখ টাকার অনুদান হতাহত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। তন্মধ্যে নয় নিহত পরিবারের প্রত্যেককে একান্ন হাজার টাকা, গুরুত্বর আহত তিন জনের প্রতিজনকে দশ হাজার,এবং বাকি আহত আটজনকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়। এসময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী দুর্ঘটনায় যারা বিধবা হয়েছেন তাঁদেরকে বিধবা ভাতা দেওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য,গত ২১সেপ্টেম্বর সকাল আটটায় নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির আওতাধীন চাকঢালা বর্ডার অবজারভেশন পোষ্ট (বিওপি) সংলগ্ন বড়ছড়া কালভার্ট ধসে- ত্রাণবাহী ট্রাক (চট্টমেট্রো ট ১১-০৫৮৫) উল্টে গিয়ে ঘটনাস্থলে ছয়জন এবং হাসপাতালে নেওয়ার পর তিন শ্রমিকের করুণ মৃত্যু হয়। আহত হন অন্তত ১৪জন। ওইসব ত্রাণ রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বড় শণখোলা সীমান্তের শূণ্যরেখায় আশ্রিত রোহিঙ্গাদের মাঝে নেওয়া হচ্ছিল।