শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলায় দিন-দুপুরে বৃষ্টির সময়েই পাহাড় কাটার দায়ে মুজিবুল হক প্রকাশ মুজিবুল্লাহর নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ছুল্ল্যা পাড়ার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ম্যাজিস্ট্রেট) রোমেন শর্ম্মার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই মুজিবুল্লাহকে স্কেবেটার জব্দসহ আটক করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছুল্ল্যা পাড়া এলাকায় পাহাড় থেকে মাটি কাটার অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) রোমেন শর্ম্মা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
আর এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ঘটনাস্থল থেকে সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের পুত্র জনৈক মো.মুজিবুল্লাহ (৫০) পাহাড়ের মাটি কাটার অভিযোগে আটকসহ স্কেবেটার গাড়ী জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত মো. মুজিবুল্লাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ (চ) ধারা লঙ্ঘনে ১৫ (১) ধারায় আটক করে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনার করার সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার এসআই সৌরভ ও এসআই মিজবাহসহ সঙ্গীয় ফোর্স।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ম্যাজেস্ট্রেট) রোমেন শর্ম্মা বলেন, পরিবেশ সংরক্ষণ ও পাহাড় রক্ষায় যে কোনো কঠোর পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন,পাহাড় কাটার বিষয়টি আরো তদন্ত করে পরিবেশ আইনে আরো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অনুরোধ করা হবে ।
