ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে..টেকনাফে পুলিশ সুপার ডঃ ইকবাল হোসেন চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ :
সম্প্রতি দেশের কয়েকটি স্থানে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে টেকনাফে অনুষ্ঠিত বিশেষ জরুরী আইন-শৃংখলা সভায় জেলা পুলিশ সুপার ডঃ ইকবাল হোসেন চৌধুরী বলেছেন, এই দেশে আমরা সকল জাতি-সম্প্রদায় শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছি। সম্প্রতি ধর্মান্ধ একটি গ্রুপ পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে অপতৎপরতা শুরু করেছে। ওই চক্রটি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উপর হামলার পাশাপাশি সরকারী বিভিন্ন স্থাপনা টার্গেট করেছে। মুসলিম, রাখাইন, হিন্দু ধর্মাবলম্বীসহ সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে সমাজের এসব বিপদগামীদের কঠোর হাতে দমন করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। এইজন্য মসজিদ, মন্দির ও গীর্জায় জঙ্গি ও সন্ত্রাসবাদ এবং মাদক বিরোধী প্রচারণা চালিয়ে সবাইকে সজাগ করি তাহলে আমরা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হব বলে মত প্রকাশ করেন।
২৭মার্চ সোমবার বিকাল সাড়ে ৩টায় টেকনাফ মডেল থানা সার্ভিস ডেলিভারী সেন্টারের সভাকক্ষে বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে আয়োজিত বিশেষ আইন-শৃংখলা সভা টেকনাফ মডেল থানার ওসি মইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেকেন্ড অফিসার এসআই কাঞ্চন কান্তি দাশের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ডঃ ইকবাল হোসেন চৌধুরী। এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, সাবরাং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আবুল কালাম, টেকনাফ পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, কায়ুকখালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি রফিক উদ্দিন, হ্নীলা অশোকা বৌদ্ধ বিহারাধ্যক্ষ উজ্যোতিসারা ভিক্ষু, বাবুধন তঞ্চইগ্যা, ছাজেন অং প্রমুখ।