থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে কক্সবাজারে ভীড় জমাচ্ছেন পর্যটকরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি।
থার্টি ফাস্ট নাইট উদযাপন করতে কক্সবাজারে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তাদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ।

এরই মধ্যে অনেকেই পৌঁছে গেছেন পর্যটন নগরীতে। অনেকেই পথে আছেন, কেউ যাত্রার অপেক্ষায়। বেশিরভাগ হোটেল-মোটেলই বুকিং হয়ে গেছে। সৈকতের প্রতিটি পয়েন্টেই পর্যটকদের কোলাহল বাড়ছে।

সম্প্রতি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এবার পর্যটকদের জন্য ৭ দফা বিশেষ উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি সৈকত এলাকা ও হোটেল-মোটেল জোনে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকছে ২০৮ জন পুলিশ সদস্য।

জেলা প্রশাসক মো মামুনুর রশিদ জানান, আগত পর্যটকদের সুবিধা নিশ্চিতের জন্য ৭ দফা বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। দফায় দফায় করা হয়েছে বৈঠক।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, সৈকত এলাকা ও হোটেল মোটেল জোনে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে থাকছে ২০৮ জন ট্যুরিস্ট পুলিশ।
সী গাল হোটেলের রিজাভেশন ম্যানেজার তারেক আজিজ জানান, থার্টি ফাস্ট নাইটকে ঘিরে সী গাল হোটেলে পর্যটকদের জন্য থাকছে নানা আয়োজন। ইতিমধ্যে হোটেলটিতে শতভাগ বুকিং সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

এদিকে থাটিফাস্ট উপলক্ষে সৈকতে পর্যটকদের ফ্রি ছবি তোলা হচ্ছে মোবাইল অপারেটর কোম্পানী গ্রামীণ ফোনের পক্ষ থেকে।