তালেবানের সরকার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : নতুন সরকার প্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। নতুন সরকার প্রধান হচ্ছেন মোল্লাহ মোহাম্মদ হাসান আখুন্দ। মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে তালেবানের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে সংবাদ সম্মেলনে মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছিলেন, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদার উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তালেবানের নতুন সরকারে বহুল আলোচিত মুখ প্রায় নেই বললেই চলে। এমনকি কোনো নারীকেও অন্তর্ভূক্ত করা হয়নি। সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তদারক করবেন গোষ্ঠীটির শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

নতুন সরকারের প্রধান মোল্লা হাসান তালেবানের প্রথম দফা শাসনামালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানি। আল-কায়েদার সঙ্গে সম্পর্কের কারণে হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।