এম.জিয়াবুল হক, চকরিয়া :
তিনমাসের ব্যবধানে খাবারের সন্ধানে আবারও বুধবার ভোররাতে বন্যহাতির একটি পাল ঢুকে পড়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে। ছোট-বড় মিলিয়ে অন্তত ১৩টি বন্যহাতি পার্কের পুর্বঅংশের সীমানা দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে গেল তিনধরে তাণ্ডব চালাচ্ছে। অপরদিকে সাফারি পার্কে অতর্কিত বন্যহাতির পাল ঢুকে পড়ার খবরে ভ্রমণে আগত পর্যটক-দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ছুটির দিনেও পার্কে দর্শনার্থী আগমন কিছুটা কমে গেছে এমনটাই জানিয়েছেন পার্কের গেইট ইজারদারপক্ষের লোকজন। পাশাপাশি স্থানীয়দের মাঝেও এ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক (রেঞ্জ কর্মকর্তা) মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, বুধবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে একটি বন্যহাতির পাল পার্কের পুর্বঅংশের সীমানা দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি ছোট-বড় মিলিয়ে অন্তত ১৩টি বন্যহাতি পার্কের জীববৈচিত্র্য জোন এলাকায় এদিক সেদিক ঘুরাঘুরি করছে।
অবশ্য গতকাল সকালের দিকে আমাদের প্রতিরোধের (কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতায়) মুখে ১১টি বন্যহাতি পাশের বনাঞ্চলে ফিরে গেলেও এখনো পার্কে দুইটি অবস্থান করছেন বলে জানান রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
তিনি আরো বলেন, তিনমাস আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষদিকে খাবারের সন্ধানে শাবকসহ ১৯টি বন্য হাতির একটি পাল পার্কে ঢুকে তাণ্ডব চালায়। ওই সময় পার্কের ১০০ হেক্টরজুড়ে সৃজন করা বনায়নের ৭০ হেক্টর বাগান নষ্ট করে দেয়। এবারও একটি হাতির পাল সেই বাগানে হানা দিয়েছে।
ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘খাবারের সন্ধানে প্রতিনিয়ত হাতির পালটি সাফারি পার্কে ঢুকে পড়ে। এতে পার্কের সীমানা বেষ্টনীসহ ভেতরে বিভিন্ন অবকাঠামোর ক্ষতি করছে। তারপরও আমরা হাতিগুলোকে নিরাপদে বনাঞ্চলে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি পার্কের পর্যটক-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
