ডালিম কোরআনের ফল ও উদ্ভিদ-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বাংলা ডালিম, বেদানা বা আনারের আরবি প্রতিশব্দ ‘রুম্মান’। ইংরেজিতে বলা হয় Pomegranate। বৈজ্ঞানিক নামPunica Granatum। ডালিমের আদি নিবাস প্রাচীন পারস্য অঞ্চলে।

তবে বর্তমানে পৃথিবীর প্রায় সব অঞ্চলেই আনার চাষ হয়। পৃথিবীর সবচেয়ে বেশি আনার উৎপাদিত হয় ইরানে। পবিত্র কোরআনের তিন স্থানে রুম্মান বা আনারের আলোচনা এসেছে। ইরশাদ হয়েছে, ‘তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা আমি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদগত করি; অনন্তর তা থেকে সবুজ পাতা উদগত করি, পরে তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করি এবং খেজুরগাছের মাথি থেকে ঝুলন্ত কাঁদি নির্গত করি আর আঙুরের উদ্যান সৃষ্টি করি। এবং জায়তুন ও ডালিমেরও। এগুলো পরস্পর সদৃশ ও বিসদৃশও। ’ (সুরা আনআম, আয়াত : ৯৯)

এ ছাড়া সুরা আর রহমানের ৬৮ নম্বর আয়াত এবং সুরা আনআমের ১৪১ নং আয়াতে আঙুরের আলোচনা এসেছে।

উপকারিতা : কোরআনে বর্ণিত এই ফলে আছে প্রচুর পরিমাণ পুষ্টি। পুষ্টিবিদরা বলেন, এক কাপ ডালিম দানায় আছে মানবদেহের দৈনন্দিন চাহিদার ৩০ শতাংশ ভিটামিন সি, ৩৬ শতাংশ ভিটামিন কে, ১৬ শতাংশ ভিটামিন বি৯ ও ১২ শতাংশ পটাশিয়াম। ডালিম শরীরে রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক। ডালিমের বিশেষ পাঁচটি উপকারিতা হলো—১. হৃদরোগের ঝুঁকি কমায়, ২. হাড়ের অবস্থার উন্নতি ঘটায়, ৩. শারীরিক শক্তি বৃদ্ধি করে, ৪. প্রদাহ কমায়, ৫. স্মৃতিশক্তি বৃদ্ধি করে। (বিবিসি গুড ফুড ডটকম)

গ্রন্থনা : মুফতি আতাউর রহমান