টেকনাফ টুডে ডেস্ক : বিশ্বে প্রথম সম্পূর্ণ গোবরচালিত ট্রাক্টর তৈরি করেছে ব্রিটিশ এক কোম্পানি। ‘বেনামান’ নামের এই কোম্পানিটির দাবি ট্রাক্টর চালতে জ্বালানি তেল কিংবা ব্যাটারি লাগবে না।।
পরিবেশ দূষণ কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। এমন সময়ে এই ট্রাক্টর পরিবেশ রক্ষায় বড় ভূমিকা নিতে পারে বলেও দাবি সংস্থার।
ট্রাক্টরটির নাম রাখা হয়েছে টি-৭।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গোবর থেকে যে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তা-ই ব্যবহার করা হয় এই ট্রাক্টরে। মূল গাড়ির পিছনেই রয়েছে একটি ‘ক্রায়োজেনিক ট্যাঙ্ক’। যেখানে মিথেন গ্যাস শীতল করে হিমাঙ্কের ১৬২ ডিগ্রি নীচে তরল মিথেন তৈরি করা হয়। আর এই তরল মিথেনের দহনের মাধ্যমেই শক্তি উৎপাদিত হয় ট্রাক্টরে। ডিজেলে যে পরিমাণ শক্তি উৎপাদিত হয়, মিথেন থেকেও একই পরিমাণ শক্তি উৎপাদিত হয়।
যে সংস্থা ট্রাক্টরটি বাজারে আনছে সেই সংস্থার এক কর্মকর্তার দাবি, কৃষিক্ষেত্রকে কার্বনমুক্ত করতে বড় পদক্ষেপ হতে পারে এই ট্রাক্টর। কৃষি ও পশুপালনের ক্ষেত্রে গোবর এমন একটি জিনিস যার একাধিক ব্যবহার রয়েছে।
জ্বালানি হিসেবে বহু দেশেই গোবর থেকে তৈরি বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। সেই পদ্ধতিকেই আরও আধুনিক করা হয়েছে এই ট্রাক্টরের ক্ষেত্রে। গোবরচালিত ট্রাক্টর ছাড়াও প্রাকৃতিক গ্যাসচালিত ট্রাক্টরও বাজারে এনেছে সংস্থাটি।
