টেকনাফ হতে ফেরা কাভার্ড ভ্যানে মিলল ৪৩ লাখ টাকার ইয়াবা : জিনাপাড়ার ইব্রাহিম সহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক :

কক্সবাজার সদরের বিসিক মোড় এলাকায় কলেজের সামনে তল্লাশি চৌকি বসিয়ে ৮হাজার ৫শ ৯৫ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে র‍্যাব।

২০ অক্টোবর (রবিবার সরকারি পলিটেকনিকের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় ইয়াবা বহনকারী কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার শহরের বিসিক মোড় সংলগ্ন পলি টেকনিক্যাল কলেজের সামনে তল্লাশি চৌকি বসানো হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ৮হাজার ৫শ ৯৫পিস ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফের নয়াপাড়া সাবরাং জিনাপাড়ার এলাকার মৃত হোসেন আহম্মদে পুত্র ইব্রাহীম (২৪), ভোলার বোরহানগঞ্জ কাচিয়া এলাকার আবদুল বারেক বিশ্বাসের ছেলে শেখ ফরিদ (২৬) এবং শরিয়তপুরের গোসাইহাট এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আহমেদ আলী (২২)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪২ লাখ ৯৭ হাজার ৫শ টাকা।

জব্দ করা ট্রাক ও ইয়াবাসহ আটক ব্যক্তিদের কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।