সাদ্দাম হোসাইন : কক্সবাজার সিটি বিশ^বিদ্যালয় কলেজে ডিগ্রী ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার পথে টেকনাফ-কক্সবাজার সড়কে দূঘর্টনায় ঘাতক ডাম্পারের চাপায় ১জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং ১জন আহত হয়েছে। মৃত ছাত্রের জানাজা আগামীকাল সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে অনুষ্ঠিত হবে।
জানা যায়, ২৫ সেপ্টেম্বর সকালে টেকনাফের হ্নীলা ফুলের ডেইলের মোঃ আবু সোলেমান ভূলুর পুত্র মোঃ হোছাইন মক্কী (২৪) এবং একই এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র মোঃ নাসির(২৫)মোটর সাইকেলযোগে কক্সবাজার সিটি বিশ^বিদ্যালয় কলেজে ডিগ্রী ফাইনালের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য যাত্রা করে। দুপুর সাড়ে ১২টারদিকে রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে একটি সিএনজিকে অতিক্রম করে যাওয়ার সময় সামনে থেকে আসা একটি ডাম্পার থামানোর জন্য সংকেত দিলে মোটর সাইকেলের উপর চাপা দেয়। এসময় গাড়িতে থাকা মোঃ নাসির পাশে পড়ে গেলেও হোছাইনসহ গাড়িকে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে ঘাতক ডাম্পার দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন দূঘর্টনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
তুলা বাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেছবাহ উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান,ডাম্পার ও মোটর সাইকেল দূঘর্টনায় হাসপাতালে কলেজ ছাত্রের মৃত্যুর খবর শুনেছি তবে ঘাতক ডাম্পার দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, দুপুরের দিকে হোছাইন নামে একজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। বিকালে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হলে রাত সাড়ে ৭টারদিকে লাশ বাড়িতে আনা হয়।
দূঘর্টনার কবলে পড়া মোঃ নাসিরের নিকট জানতে চাইলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় কোন ধরনের মন্তব্য করতে পারেনি।
অমায়িক ও ধার্মিক ছাত্র হোছাইনের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।
নিহত হোছাইনের পরিবার থেকে জানানো হয়,আগামীকাল ২৬সেপ্টেম্বর সকাল ১০টায় হ্নীলা দরগাহ গোরস্থানে নামাজে জানাজা শেষে হোছাইনকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ####
