কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফ সীমান্ত দিয়ে ২৬ জন রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ মিয়ানমারে প্রত্যাবর্তন করেছে। শনিবার বিকালে টেকনাফের নয়াপাড়া সীমান্ত দিয়ে ৪টি পরিবারের ১২ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৬ শিশু মিয়ানমারে ফেরত যায়। দমদমিয়া বিওপির নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাসের নেতৃত্বে জওয়ানরা এসময় তাদের ফিরে যেতে সহায়তা করে। ফেরত যাওয়া রোহিঙ্গারা গত অক্টোবরের পর রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে টেকনাফে পালিয়ে এসে টেকনাফের লেদা ও জাদিমুড়া এলাকায় আশ্রয় নিয়েছিল।
বিজিবি ২ ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কিছু কিছু রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাচ্ছে। স্বেচ্ছায় ফেরত যাওয়া রোহিঙ্গাদের বিজিবি সহায়তা করছে বলে জানান তিনি।
