টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে নাফ নদীর নাজির পাড়া পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ৪ বিজিপি সদস্যকে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু পয়েন্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ১২ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল হাসান খান। মিয়ানমারের ১০ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির ১নং ব্যাটেলিয়নের অধিনায়ক ক্য উইন। উক্ত বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দল অবৈধ অনুপ্রবেশের দায় স্বীকার করে এই ঘটনা দুঃখ প্রকাশ করেন। আড়াইটার দিকে দিয়ে পতাকা বৈঠক শেষে অবৈধ অনুপ্রবেশকারী মংডুর নাগকুড়া ব্যাটালিয়নের মেগচিং ক্যাম্পের ক্যাপ্টেন লি উইন কো মং (৩০), সার্জেন্ট ইয়ানাং তুন (৩১), সার্জেন্ট প্যায়াং গি (২৫) ও সিপাহী ক্য ক্য (২৮) কে
মিয়ানমার প্রতিনিধি দলের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২৫ আগস্ট রাতে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া হতে তাদের অস্ত্র-বারুদসহ আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা বিজিপি সদস্য বলে স্বীকার করায় এই পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ফেরত দেওয়া হল।
