হুমায়ূন রশিদ : টেকনাফের রইক্ষ্যং এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরী এক নলা বন্দুক ও বুলেটসহ এক গৃহবধুকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ৭নভেম্বর ভোররাত ৩টায় কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউপির রইক্ষ্যং এলাকাস্থ জনৈক মুনিয়া ডাকাতের বসত-ঘরে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আজিজুর রহমান ওরফে মনিয়া ডাকাতের স্ত্রী লায়লা বেগম (৩৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ডাকাত মনিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত লায়লা বেগম এর স্বীকারোক্তিতে শয়ন কক্ষের খাটের নিচে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ১টি প্লাস্টিকের ব্যাগ হতে দেশীয় তৈরি ১টি একনলা বন্দুক, ২রাউন্ড পুরাতন ১২ বোর শর্টগানের কার্তুজ এবং ৬রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক অস্ত্র কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
