ফরহাদ আমিন:
টেকনাফের বাহারছড়া জাহাজপুরা এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ডেইল পাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রোববার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ডেইল পাড়া এলাকার মৃত বাচা মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (৪৭) এর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।এ ব্যাপারে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশের সুরতহাল তৈরি পূর্বক কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জনতার সহায়তায় আব্দুল্লাহর ২য় স্ত্রীসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃত হচ্ছেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ডেইল পাড়া এলাকার মোঃ আব্দুল্লাহর রোহিঙ্গা স্ত্রী নুর জান্নাত(২৭), একই এলাকার নুর জান্নাতের ভাই সিরাজুল হকের ছেলে শফিদুল হক(২৫), তার স্ত্রী সুরুজ্জামান(২০)।
নিহত আব্দুল্লাহর প্রথম স্ত্রী মরিয়ম খাতুন জানান, পার্শ্ববর্তী লোকজনের কাছ থেকে আমার স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চারদিকে হৈ চৈ পড়ে যায়। সে প্রায় ৪ বছর পূর্বে মিয়ানমারের এক মহিলা নুর জান্নাত বিয়ে করে। এরপর থেকে সে আলাদা ঘর করে বসবাস করে আসছিল।
তিনি আরো জানান, ঈদেরদিন স্বামী আব্দুল্লাহ দুই স্ত্রীর জন্য মাংস কেনাকে কেন্দ্র করে পরিবারের মাঝে ঝগড়া-বিবাদ হয়।
এদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জড়িত আব্দুল্লাহর ২য় স্ত্রীসহ ৩ জনকে আটক করা হয়। নিহত আব্দুল্লাহর ১ম স্ত্রী মরিয়ম খাতুন বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
