ক্রাইম প্রতিবেদক : টেকনাফের পাহাড় ও সমুদ্র ঘেরা উপকূলীয় বাহারছড়া ইউপির কচ্ছপিয়ায় সংঘবদ্ধ অপহরণ ও মানব পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। ভূক্তভোগী জনসাধারণ এই অপরাধী চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবী উঠেছে।
স্থানীয় লোকজন জানান, বাহারছড়া ইলিয়াছের পুত্র রফিক (৩৪), রুবেল (৩০), মৃত ছৈয়দ আলমের পুত্র নুরুল ইসলাম (৪০), শামসুর পুত্র আব্দুর রহিম (৩০), জসিম (২০) এবং জনৈক আবদুল্লাহ (২০) সহ শক্তিশালী একটি চক্র পাহাড় কেন্দ্রিক অপহরণ ও মানব পাচার কাজ চালিয়ে আসছে। এদের অপকর্মে সাধারণ মানুষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, ইলিয়াস পরিবারের ছেলেদের নিয়ন্ত্রণে চলে মানব পাচার এবং অপহরণ। গত ১৬ মার্চ এক রোহিঙ্গাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে নির্যাতন করে রফিক উল্লাহ-জুবায়ের সহোদর এবং শহিদ উল্লাহ গং। পরে ৫হাজার টাকা মুক্তিপন দিয়ে ভিকটিম ফিরে আসে। উক্ত এলাকার বেশীর ভাগ লোকই কোন না কোন অপরাধের সাথে জড়িত বলে জানা গেছে। সংঘবদ্ধ এই চক্রের অপতৎপরতায় ক্ষুদ্ধ এলাকাবাসী ভয়ে মুখ খুলতে পারেন না বলেও দাবী করেন ভূক্তভোগীরা।
এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করেও মাধ্যম না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।
এলাকার সচেতন মহল, কচ্ছপিয়ার সাধারণ মানুষের জীবন যাত্রা সহজ করতে যৌথবাহিনীর অভিযানের মাধ্যমে এসব অপরাধীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবী জানিয়েছেন। ##
