টেকনাফ উপজেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদন : হাসান ছিদ্দিকী সভাপতি ; শাহাদত সাধারণ সম্পাদক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি টেকনাফ উপজেলা শাখার সাত (০৭) সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়।
কমিটিতে সভাপতি হয়েছেন- সাবেক ছাত্রনেতা এড. মু. হাসান ছিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসেম সিআইপি, সহ-সভাপতি মৌলভী ফরিদুল আলম ফারুকী, সহ-সভাপতি নূরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহাদত হোসেন, যুগ্ম-সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এড. ছলিমুল মোস্তফা।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে টেকনাফ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলর সম্পন্ন হয়। কাউন্সিলে সকল কাউন্সিলরের মতামত গ্রহণ করা হয়। তাদের মতামতের ভিত্তিতেই এই কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘সংগঠন ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও উজ্জ্বীবিত করতে নতুন কমিটি হয়েছে। এই কমিটি সরকারের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনসহ সকল কর্মসূচী অত্যন্ত সুসংগঠিতভাবে পালন করবে বলে আমি প্রত্যাশা করি। এই নিয়ে সকল ধরণের সহযোগিতা আমরা করে যাবো।’