টেকনাফে ২৮ বছরের ভোগদখলীয় বসত ভিটা কেড়ে নিতে ইয়াবা ব্যবসায়ীর হুমকিতে অসহায় একটি পরিবার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামসু উদ্দিন, টেকনাফ :
টেকনাফে ২৮ বছর যাবত বসবাস করে আসা বসত ভিটা কেড়ে নিতে ইয়াবা ব্যবসায়ীর হুমকিতে পরিবার পরিজন নিয়ে চোখে অন্ধকার দেখছেন বিধবা ছবুরা খাতুন (৬০)। ভেবে পাচ্ছেন না একমাত্র বসত ভিটা হতে উচ্ছেদ হলে ছেলে-মেয়ে, নাতি-নাতনী নিয়ে কোথায় তার ঠাই হবে। উক্ত প্রভাবশালী ইয়াবা ব্যবসায়ীর টাকা ও কুটকৌশলের কাছে কিছুতেই পেরে উঠছেন না তিনি। শেষে সংবাদকর্মীদের কাছে তার অসহায় অবস্থার কথা তুলে ধরে জানান, সেই ইয়াবা ব্যবসায়ীর পক্ষে এখন এলাকার প্রভাবশালীরা তাকে ভয়ভীতি দেখাচ্ছেন এই বলে যে, থানা পুলিশকে দুই-চার লাখ টাকা দিলে যে কোন মুহুর্তে তোমাকে বসত বাড়ি থেকে তুলে দেবে তাই তার সাথে আপোষ করে যা পাও তাই নিয়ে অন্যত্র চলে যাও।
জানা যায়, বিগত ২৮ বছর পূর্বে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড কায়ুকখালী পাড়া এলাকায় বিএস ১১৯০ খতিয়ানের ৪৭৪ নং দাগের যা পরবর্তীতে দিয়ারা ২৪৯০ খতিয়ানের ৮৯৮ দাগের ৫ শতক জমি জনৈক জাকের হোসেনের কাছ থেকে বে-রেজিস্ট্রি মুলে ক্রয় করে তাতে বাড়ি ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন ছবুরার স্বামী মো: হোসেন প্রকাশ মোহাম্মদ। পরবর্তীতে বিভিন্ন সময় তিনি জমি বিক্রেতা জাকের হোসেনের কাছ হতে জমির রেজিষ্ট্রি নিতে চাইলে তিনি নানা টালবাহানায় এড়িয়ে যান। এভাবে প্রায় ২৮বছর অতিবাহিত হয়ে যায়। ইতিপূর্বে কয়েকবছর আগে ছবুরার স্বামী মো: হোসেন মৃত্যুবরন করেন। এদিকে জমিজমার মূল্যও বৃদ্ধি পেতে থাকে। এমতাবস্তায় কিছুদিন পূর্বে জাকের হোসেন ২৮বছর পূর্বে মো: হোসেনের কাছে বে-রেজিষ্ট্রি মূলে বিক্রিত ৫শতক জমি পুনরায় নাইট্যপাড়া এলাকার মো. হাশেম নামে এক ইয়াবা ব্যবসায়ীর নিকট চড়াদামে বিক্রি করে দেন। খবর পেয়ে ছবুরা খাতুন টেকনাফ সহকারী কমিশনার (ভুমি) এর নিকট হাশেমের নামে নামজারি খতিয়ান বন্ধ রাখতে আবেদন করেন। এতে জমির দখল না থাকায় হাশেম ভুয়া নামজারি সম্পাদন করতে না পেরে ছবুরা খাতুনকে তার বসত ভিটা হতে উচ্ছেদ করতে মরিয়া হতে উঠে। প্রথমে সে কিছু টাকার বিনিময়ে জমি ছেড়ে দিতে টোপ দেয়। তাতে কাজ না হওয়ায় এখন প্রভাবশালীদের মাধ্যমে থানা পুলিশের ভয় দেখিয়ে ছবুরার বসত ভিটা দখলে নিতে নানা তৎপরতা শুরু করেছে। এব্যাপারে তিনি ভুমি প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করেছেন।