টেকনাফে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় হুমকির মূখে রেঞ্জ কর্মকর্তা : থানায় জিডি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিনিধি :
সংরক্ষিত বনের জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় হুমকির মূখে পড়েছে রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ। টেকনাফ মডেল থানায় গত (১ এপ্রিল) বুধবার রাতে এ ব্যাপারে একটি সাধারণ ডায়রীও ( জিডি নং-৩৮) করেছেন তিনি। এতে উল্লেখ করা হয়, সংরক্ষিত বনের মাটি কেটে বন বিভাগের সরকারী জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করে টেকনাফ পৌর সভার নাইট্যং পাড়ার আব্দুল গফুরের মেয়ে খুরশিদা বেগম ও স্বামী আবদুর রহিম প্রকাশ বড়ুয়া ড্রাইভার। একাধিকবার নিষেধ করার পরও নির্মাণ কাজ অব্যাহত রাখে। এতে এক পর্যায়ে গত ২৬ মার্চ দুপুরে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল মনছুরসহ বন বিভাগের লোকজন অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ীর লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল হতে নির্মান কাজে ব্যবহারের জন্য আনা ৩’শত ইট, ১০ কেজি রড ও ৩ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এরপর বিভিন্ন সময়ে নামে বেনামে মোবাইলে হুমকি আসতে থাকে রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের উপর। শুধু তাই নয়, হুমতি দেওয়া হয় বন বিভাগের উপরমহল সহ বিভিন্ন মহলে তার বিরোদ্ধে মিথ্যা রটনা প্রচার করে সরকারী কাজে বাধা সৃষ্টি করছে।
এদিকে গত ৩১ মার্চ সকালে অজ্ঞাতনামা লোকজন টেকনাফ গেইম রিজার্ভ পাহাড়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন জন বন পাহারা দল (সিপিজি) সদস্য ও ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। এতে ১০/১২ একর বনভূমি পুড়ে যায়। পুড়ে যাওয়া স্থানের ৮০ থেকে ৯০ টি আকাশ মনি গাছ পুড়ে যায়। যার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকার সমপরিমান বলে টেকনাফ বন বিভাগ সুত্রে জানা যায়।
অপরদিকে সরকারী বন বিভাগের বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বন বিভাগের কিছু লোকজন দির্ঘ্যদিন ধরে পাহাড়ে জবর দখল, স্থাপনা নির্মান কাজে বাধা দিয়ে অর্থ আদায় করে থাকে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, টেকনাফ বন কর্মকর্তার অফিসের কয়েক’শ গজের মধ্যে একাধিক স্থাপনা আমি দায়িত্ব নেওয়ার আগে হতে কিভাবে নির্মিত হয়েছে তা জানা নেই। তবে আমি দায়িত্ব নেওয়ার পর হতে বন বিভাগের জমি বেদখল হতে দেওয়া হবে না। যেখানেই অবৈধ স্থাপনা নির্মান করা হবে সেখানেই বাঁধা দেওয়া হচ্ছে। এতে একটি দুষ্টচক্র আমার বিরোদ্ধে উঠেপড়ে লেগেছে। এরাই পাহাড়ে আগুন ধরিয়ে সরকারী সম্পদ ধ্বংস করছে বলে জানান তিনি।