কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ৩লাখ পিস ইয়াবাসহ গুরা মিয়া নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব। র্যাব ৭ চট্টগ্রামের একটি টীম শনিবার ভোর রাতে টেকনাফের হারিয়াখালী এলাকায় দুইটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।
র্যাব ৭ এর উপ পরিচালক মেজর মুশফিকুর রহমান জানান, সাগর পথে মাদক পাচারের মাষ্টার মাইন্ড টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার মৃত বদিউর রহমানের ছেলে গুরা মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে র্যাব।
পরে তার দেয়া তথ্য মতে ভোর রাতে অভিযান চালানো হয় একই এলাকার হাফেজ উল্লাহ ও ইসমাঈলের বাড়িতে। এসময় মাটি খুড়ে ও ঘরের টিনের নীচে কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধৃত ব্যক্তি সহ অপর দুইজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে সাগর পথে মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।
