টেকনাফে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের হল সচিব পরিবর্তনের দাবী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে একমাত্র দাখিল ও আলিম পরীক্ষা গ্রহণে অনিয়ম,দূর্নীতি,নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষার হল সচিব পরিবর্তনের দাবী জানিয়ে আবেদন করেছেন ৬টি দাখিল এবং আলিম মাদ্রাসা সুপারবৃন্দ।
জানা যায়,গত ৩ অক্টোবর উপজেলার হোয়াইক্যং মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম মাদ্রাসা সুপার মুফিজ আহমদ ইকবাল, বাহারছড়া তাফহীমুল কোরআন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোস্তাক আহমদ, বায়তুশ শরফ মুহাম্মদিয়া রিয়াজুল জন্নাহ দাখিল মাদ্রাসা সুপার সাইফুল ইসলাম, দারুত তাওহীদ ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা সুপার হাসান আহমদ, রঙ্গিখালী খতিজাতুল কোবরা (রঃ) দাখিল মহিলা মাদ্রাসা সুপার ফখরুল ইসলাম ফারুকী, শাপলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আবু ছিদ্দিক টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দায়েরকৃত আবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
উক্ত আবেদনে আরো জানানো হয়, টেকনাফের একমাত্র দাখিল ও আলিম পরীক্ষা কেন্দ্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল কেন্দ্রের সচিব অধ্যক্ষ কামাল হোসাইন দীর্ঘদিন ধরে বিভিন্ন দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাসারিতা, নকল সরবরাহ এবং ওএমআর সীট ভরাট কেলেংকারীতে জড়িত থাকায় কয়েক বার বহিস্কৃত হয়েছেন। বিগত পরীক্ষায় পরীক্ষার্থীদের ভয়ভীতি প্রদান, প্রতিষ্ঠান প্রধানদের সাথে অসৌজন্যমূলক আচরণ প্রচন্ডভাবে পরিলক্ষিত হয়। সংগত কারণে কেন্দ্র সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার স্বার্থে একজন দক্ষ এবং অভিজ্ঞ অফিসারকে কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার আহবান জানানো হয়।
এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান জানান, এই ধরনের একটি আবেদন আমি পেয়েছি। বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।